রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় সরকারি সহায়তার ভিজিএফের চাল নিতে এসে মারধরের শিকার হয়েছেন সিরাজুল ইসলাম নামে এক অসহায় ব্যক্তি। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারি ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় চাল নিতে আসেন পৌরসভার বিলবাড়ি মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলাম। কিন্তু অভিযোগ রয়েছে, তাকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে পৌরসভা কার্যালয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তাকে পৌরসভা কার্যালয় থেকে ধাক্কা দিয়ে জিরো পয়েন্ট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, পৌর বিএনপির নেতা মোবারক হোসেন ভুক্তভোগী সিরাজুল ইসলামের ডান হাত চেপে ধরে রাখার চেষ্টা করছেন, আর ওই সময় সাবেক মেয়র আব্দুর রাজ্জাক তাকে কিল-ঘুষি মারছেন। পরে সিরাজুল ইসলাম কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলামের পিতা ইউসুফ আলী। তিনি ভবানীগঞ্জ পৌরসভার বিলবাড়ি মহল্লার বাসিন্দা।
এ ঘটনার পর এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—সরকারি সহায়তার চাল নিতে এসে যদি অসহায় মানুষ মারধরের শিকার হন, তাহলে তারা ন্যায়বিচার পেতে যাবেন কার কাছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আশরাফুল ইসলাম আশিক বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অসহায় মানুষের জন্য সরকার যে সহায়তার চাল দিয়েছে, তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। তাদেরকে চাল না দিয়ে উল্টো মারধর করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
রাজু








