রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনে ট্রাকচাপায় ট্রাকের মালিক ও এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টা ৯ মিনিটের দিকে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে আসেন। তিনি ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাকটি লাইনে রেখে পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় একটি মাহেন্দ্র গাড়ি মেশিন থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন দিক থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








