ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে বয়কটের ডাক

প্রকাশিত: ১৬:১৪, ১৩ মার্চ ২০২৬

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে বয়কটের ডাক

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস তাকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে চুক্তিবদ্ধ করেছে। এই সিদ্ধান্তের পর ভারতের কিছু গণমাধ্যম ও সমর্থকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় মালিকানাধীন দলগুলোর প্রভাব বাড়ছে বলে আলোচনা রয়েছে। আইপিএল, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টি, সিপিএল এবং মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্টে সাধারণত ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেয় না। সেই প্রেক্ষাপটে ‘দ্য হান্ড্রেড’-এ এমন একটি পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়েও আগে থেকে গুঞ্জন ছিল।

আবরার আহমেদ ৭৫ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে ট্রেন্ট রকেটসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত সানরাইজার্সে জায়গা পান। এই সিদ্ধান্তের পর ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার কাভিয়া মারান সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন। কিছু মন্তব্যে তাকে কড়া ভাষায় আক্রমণ করা হয় এবং কয়েকজন সমর্থক সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের আহ্বান জানান।

দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেটরি বলেছেন, আবরারকে দলে নেওয়া হয়েছে পারফরম্যান্স ও প্রয়োজন বিবেচনা করে। তার মতে, আবরারের বোলিং বৈচিত্র্য বিশেষভাবে কার্যকর, কারণ অনেক ঘরোয়া ক্রিকেটার তার খেলা আগে দেখেননি। ফলে তিনি দলের জন্য একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারেন।

এর আগে রাজনৈতিক চাপের কারণে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে আবরারের ক্ষেত্রেও অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সানরাইজার্সের এক্স অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত হয়। তবে এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ.এইচ

×