ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

এবার বিদেশে গিয়ে ভাষার ভয় নয়, এক ক্লিকেই সমাধান

প্রকাশিত: ১৯:৫৯, ২২ জানুয়ারি ২০২৬

এবার বিদেশে গিয়ে ভাষার ভয় নয়, এক ক্লিকেই সমাধান

বিদেশ ভ্রমণের সময় ভিনদেশি ভাষার সাইনবোর্ড, রেস্টুরেন্টের মেনু, পত্রিকা কিংবা লিফলেট বুঝতে গিয়ে আর বিড়ম্বনায় পড়তে হবে না। স্মার্টফোনের ক্যামেরা তাক করলেই মুহূর্তের মধ্যে লেখা অনুবাদ করে দেবে গুগল ট্রান্সলেট।

সম্প্রতি গুগল তাদের জনপ্রিয় অনুবাদ অ্যাপ গুগল ট্রান্সলেটের ক্যামেরা ফিচারে বড় ধরনের আপডেট এনেছে। এই আপডেটে যুক্ত হয়েছে ৬০টি নতুন ভাষা, ফলে এখন ক্যামেরা ব্যবহার করে মোট ৮৮টি ভাষা অনুবাদ করা সম্ভব হচ্ছে।

নতুন সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো অ্যাপটি নিজে থেকেই শনাক্ত করতে পারে কোন ভাষার লেখা অনুবাদ করা হচ্ছে। একাধিক ভাষার লেখা একসঙ্গে থাকলেও স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে অনুবাদ দেখাতে সক্ষম এই ফিচার।

শুধু লাইভ ক্যামেরা ব্যবহার করেই নয়, স্মার্টফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবির লেখাও অনুবাদ করা যাবে। যদিও সব ক্ষেত্রে অনুবাদ শতভাগ নিখুঁত নাও হতে পারে, তবে অচেনা ভাষা বোঝা এবং দৈনন্দিন প্রয়োজনে এটি অত্যন্ত কার্যকর একটি সুবিধা হিসেবে কাজ করবে।

এই ক্যামেরা অনুবাদ ফিচার অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। ফলে বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা নতুন ভাষার লেখা বুঝতে এখন শুধু ক্যামেরা তাকালেই চলবে।

যেভাবে ব্যবহার করবেন গুগল ট্রান্সলেটের ক্যামেরা ফিচার

লাইভ ক্যামেরা দিয়ে অনুবাদ করতে, 
১. ফোনে গুগল ট্রান্সলেট অ্যাপ ইনস্টল করুন
২. অ্যাপ খুলে Camera আইকনে ট্যাপ করুন
৩. নির্দেশনা এলে Continue নির্বাচন করুন
৪. ক্যামেরা ব্যবহারের অনুমতি দিন
৫. ভাষা অপশন থেকে Detecting language ও কাঙ্ক্ষিত অনুবাদ ভাষা নির্বাচন করুন
৬. লেখার দিকে ক্যামেরা ধরুন
৭. প্রয়োজন হলে Pause translation দিয়ে ছবি স্থির করুন।

গ্যালারির ছবি থেকে অনুবাদ করতে
১. আগেই ছবিটি তুলে রাখুন
২. গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে Camera আইকনে ট্যাপ করুন
৩. Import অপশনে গিয়ে ছবি নির্বাচন করুন
৪. লেখার অংশ সিলেক্ট করলেই অনুবাদ দেখা যাবে।

এখন ভাষার সীমাবদ্ধতা পেরোতে আর আলাদা করে অভিধান খোঁজা বা দীর্ঘ টাইপিংয়ের প্রয়োজন নেই। স্মার্টফোনের ক্যামেরাই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত অনুবাদক।
 

সজিব

×