ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

‘মুখোশ’ সিনেমায় ওরা তিনজন

প্রকাশিত: ২০:২০, ১৭ অক্টোবর ২০২০

‘মুখোশ’ সিনেমায় ওরা তিনজন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী অনুদানের ‘মুখোশ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করবেন ইফতেখার শুভ। ২০১৯-২০ অর্থবছরের সরকারী অনুদানের এ সিনেমাটি তার লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে। বেশ কিছুদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক রোশান। এবার চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের ও ফারুক আহমেদ। পরিচালক জানান, শাহ নেওয়াজ নামক একজন প্রভাবশালী প্রযোজকের চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের। যার চরিত্রটা হবে নেগেটিভ। ফারুক আহমেদকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়। ছবির শিল্পী প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানালেন পরিচালক। ‘মুখোশ’ সিনেমায় অভিনয়শিল্পী তালিকায় একটা বিশেষ চমক অপেক্ষা করছে জানান শুভ। যেটা শূটিংয়ের প্রথমদিন বা মহরতের দিন জানানো হবে। নির্মাতা জানান, ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শূটিং। সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। ইরেশ যাকের এর আগে ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘দেবী’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
×