ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্টেজ শোতে ফিরছেন লিজা, তবে...

প্রকাশিত: ২০:১৪, ১২ সেপ্টেম্বর ২০২১

স্টেজ শোতে ফিরছেন লিজা, তবে...

সংস্কৃতি ডেস্ক ॥ করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার কারণে অনেক সঙ্গীতশিল্পীই ছোট্ট আয়োজনের স্টেজ শোগুলোতে ফিরেছেন বা ফিরছেন। কিন্তু এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং বড় পরিসরে স্টেজ শোর আয়োজন না হলে স্টেজ শোতে ফিরবেন না বলে জানিয়েছেন। শনিবার দুপুরে চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে তিনি বলেন, শুনেছি কেউ কেউ স্টেজ শোতে অংশ নিচ্ছেন। অবশ্যই এটা শিল্পীদের জন্য ভাল খবর। কিন্তু আমি এখনই স্টেজ শোতে ফিরতে চাচ্ছিনা। রাজধানীসহ দেশের নানান অঞ্চলে বড় পরিসরে স্টেজ শোগুলো শুরু হলে তখন না হয় একেবারে স্টেজ শোতে ফিরব ইনশাআল্লাহ। যে’কটা দিন পারছি বিশ্রাম নিচ্ছি। আবার স্টেজ শো শুরু হলে ব্যস্ততম দিনগুলো শুরু হয়ে যাবে। সে পর্যন্ত না হয় নিজেকে এবং পরিবারকেই সময় দেই। এদিকে সাম্প্রতিক সময়ে লিজা ও বেলাল খানের গাওয়া শ্রোতাপ্রিয়তা পাওয়া ‘পাখি’ গানটির ভিউ দিন দিন বেড়েই চলেছে। লিজার নিজেরও ধারণা ছিল না যে পাখি গানটি এত জনপ্রিয়তা পেয়ে যাবে। লিজা বিশ্বাস করেন স্টেজ শোতে ফিরলে ‘পাখি’ গানের অনুরোধ থাকবেই। কারণ এখন যে ক’টি টিভি শোতে অংশ নিচ্ছেন সেখানেই তিনি ‘পাখি’ গানের জন্য বিশেষভাবে অনুরোধ পেয়ে থাকেন। আর বড় পরিসরের স্টেজ শো শুরু হলে তো কথাই নেই। মুসা কে মাহমুদের লেখা ও বেলাল খানের সুর করা লিজা ও বেলালের গাওয়া এই গানটি এরই মধ্যে ১ কোটি ৫০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। মাত্র পাঁচ মাসেই গানটির ভিউয়ার্স যেভাবে বাড়ছে তাতে এই গানটিও রেকর্ডের দিক দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতেও পারে। এদিকে লিজা জানান এরই মধ্যে তার ৪/৫টি গানের কাজ শেষ করা আছে।
×