অনলাইন ডেস্ক ॥ ক্ষুদে গানরাজের শিল্পী নোশিন তাবাসসুম স্মরণ বিয়ে করেছেন। বর এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।
মোমিন-স্মরণের বিয়েতে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা অঞ্জনাসহ আরও অনেকে।
মোমিনের জীবনে এন্ড্রু কিশোরের অভাব পূরণ হওয়ার নয়। তবে সেই অভাব অনেকটাই পূরণ করার চেষ্টা করেন সাবিনা ইয়াসমিন। কেনন সাবিনা ইয়াসমিন তার মাঝে এন্ড্রু কিশোরের ছায়া খোঁজেন। মোমিনের সঙ্গে দেখা হলেই যেন এন্ড্রু কিশোরের উপস্থিতি টের পান।
সাবিনা ইয়াসমিন বলেন, 'আমাদের সঙ্গে মোমিনকে পরিচয় করিয়ে দিয়েছে এন্ড্রু কিশোর নিজেই। শুধু তাই নয় কিশোর নিজেই ওকে তালিম দিতো। বলতো আমার একমাত্র শিষ্য। এখন কিশোর নেই। মোমিনকে দেখলেই আমার কিশোরের কথা মনে পড়ে।
আমাকে এন্ড্রু কিশোরই বলত, ও (মোমিন) আমার শিষ্য। আপা দেখবেন ও খুব ভালো গান করে, সুন্দর গান করে। কিশোর ওকে এত ভালোবাসত যে ও (মোমিন) আসলে মিশে গিয়েছিল আমাদের সঙ্গে। কিশোরের একটা স্বপ্ন পূরণ হয়েছে। তার পছন্দের ছেলেটা আমার সঙ্গে গেয়েছে।'
তিনি আরও বলেন, 'করোনার কারণে সাধারণত কোথাও যাওয়া হয় না। কিন্তু এই মোমিন আমার কাছে সন্তানের মতো। এন্ডু কিশোর তাকে খুবই আদর করতো। আজ তার প্রিয় ছাত্র, পুত্রতুল্য মোমিন বিয়ে করছে। কি খুশিটাই না হতো সে। মোমিন তার বউকে নিয়ে এন্ড্রু কিশোরের গান গাইছে বিয়ের দিন, আমার কাছে এই দৃশ্যটা দারুণ লেগেছে।








