ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইসলামপুরে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

সৈয়দ এনামুর রকিব, জামালপুর

প্রকাশিত: ১৪:২৪, ১৬ মার্চ ২০২৬

ইসলামপুরে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি (জিয়া খাল) খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি–২০২৬ এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সঞ্চালনায় ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

জানা যায়, চরাঞ্চলের কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও পানির সমস্যা সমাধানের লক্ষ্যে ৮০’র দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর, কড়ইতলা ও আইড়মারী হয়ে চিনারচর দশানী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কাটাখালি (জিয়া খাল) খনন করা হয়। তবে সময়ের সাথে সাথে খালটি ভরাট ও দখল হয়ে পড়ে।

বর্তমানে দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, খালটি পুনঃখনন করা হলে চরাঞ্চলের কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং কম খরচে ফসল উৎপাদন করতে পারবেন। এতে পানির সংকটও অনেকটা দূর হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ইসলামপুর, জামালপুর।

এম.কে

×