পোশাকের সঙ্গে মানানসই জুতা
রোজার ঈদের আর মাত্র দুই-তিন দিন বাকি। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে এখন ভিড় বাড়ছে ব্র্যান্ডের শোরুমে। নন-ব্র্যান্ড দোকানে তুলনামূলক ক্রেতা কম।
রাজধানীর বিভিন্ন বিপণি বিতান ও জুতার বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় ব্র্যান্ডের জুতার বিক্রি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে এবং শেষ সময়ে তা আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ঈদ উপলক্ষে নতুন নকশা ও বৈচিত্র্যময় সংগ্রহ বাজারে এনে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।
কোম্পানিগুলো জানায়, জুতা বেচাকেনা এখন পর্যন্ত গত বছরের কাছাকাছি পর্যায়ে রয়েছে। ঈদের সময় ক্রেতাদের একটি বড় অংশ সাধারণত শেষ দিকে জুতা কেনেন। তাই ব্র্যান্ডগুলো আশা করছে যে শেষ পর্যন্ত তাদের বেচাকেনায় গত বছরের চেয়ে ভালো প্রবৃদ্ধি হবে।
গত দুদিনে রাজধানীতে বেশ কয়েকটি ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের জুতার দোকান ঘুরে দেখেন এই প্রতিবেদক। রাজধানীর এলিফ্যান্ট রোডে গিয়ে শতাধিক নন-ব্র্যান্ডের জুতার দোকান রয়েছে। দেখা যায়, বেশির ভাগ দোকানেই স্বল্পসংখ্যক ক্রেতা জুতা দেখছেন। এসব দোকানের বিক্রেতারা জানান, ব্র্যান্ডের নয়, এমন জুতার বিক্রি গত বছর ঈদের সময়ের তুলনায় খুব বেশি বাড়েনি।
রাজধানীর বসুন্ধরা সিটিতে গিয়ে দেখা যায়, সেখানে ব্র্যান্ডের জুতার দোকানগুলোতে ভিড় অনেক বেশি। ফলে তাদের বেচাকেনাও প্রত্যাশিত মাত্রার কাছাকাছি রয়েছে। বসুন্ধরা সিটিতে জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের স্টোর ম্যানেজার রাশেদুর রহমান বলেন, শবে বরাতের পর থেকেই জুতার বেচাকেনা বৃদ্ধি পায়। চাঁদরাত পর্যন্ত এটি চলবে। দেশে জুতার বাজার কত বড়, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, এটি ২০ হাজার কোটি টাকার মতো। এই বাজারের ৩০ শতাংশের বেশি ব্র্যান্ডের জুতার দখলে। বাকিটা নন-ব্র্যান্ড, আঞ্চলিক ব্র্যান্ড ও আমদানি করা জুতার দখলে।
হাজারীবাগের ব্যবসায়ী সাবাব লেদারের স্বত্বাধিকারী মাকসুদা খাতুন জনকণ্ঠকে জানান, ব্র্যান্ডের জুতা বিক্রি প্রতিবছর ১২-১৫ শতাংশ হারে বাড়ছে। আর সারা বছরের বিক্রির ২৫-৩০ শতাংশ হয়ে থাকে ঈদুল ফিতরের সময়ে। এ কারণে ঈদ উপলক্ষে নতুন ধরনের ও নকশার জুতা আনেন অনেক বিক্রেতা। এই যেমন চলতি বছরে ঈদ সামনে রেখে আড়াই হাজার নকশার জুতা নিয়ে এসেছে অ্যাপেক্স।
এ ছাড়া ব্র্যান্ডটির প্রায় ৯ হাজার নকশার জুতা সব সময় চলমান থাকে। তাদের বিক্রয়কেন্দ্রের সংখ্যা এখন ৫০৬। পাশাপাশি এবার ৫০ হাজার টাকা দামের ১২ জোড়া জুতা এনেছে অ্যাপেক্স। এগুলো ভ্যানচুরিনী ব্র্যান্ডের। ইতিমধ্যে কয়েক জোড়া বিক্রি হয়েছে। এটি ইতালি থেকে আনা এবং সম্পূর্ণ হাতে তৈরি বলে জানালেন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা।
অ্যাপেক্সের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফিরোজ মোহাম্মদ বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে আমরা পণ্যের দাম ধরে রাখতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের মান উন্নত করায় জোর দিয়েছি। সে জন্য বর্তমান কঠিন সময়েও বেচাবিক্রি খারাপ নয়। আশা করছি বিক্রিতে শেষ পর্যন্ত ১০ শতাংশ প্রবৃদ্ধি হবে।’
বসুন্ধরা সিটিতে বাটার বিক্রয়েকন্দ্রের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, রোজার এক সপ্তাহ আগে থেকে বিক্রি জমতে শুরু করে। প্রথম সপ্তাহে তা পড়ে যায়। এরপর আবার শুরু হয়। এবারের বিক্রি গতবারের চেয়ে ভালো। রাত ১২টা পর্যন্ত শোরুম খোলা। নতুন ১ হাজার ডিজাইন আনা হয়েছে। গতবারের তুলনায় এবার জুতা বিক্রিতে প্রবৃদ্ধি হবে বলে আশা তাঁর।
দেশের বাজারে ইতালিয়ান ব্র্যান্ড লোটো অনেক দিন ধরেই ব্যবসা করছে। তারা লি কুপারের জুতাও বিক্রি করে। বর্তমানে তাদের ২২২টি বিক্রয়কেন্দ্র রয়েছে। টঙ্গীর মাজুখানে লোটোর নিজস্ব কারখানা রয়েছে। সেখানে তাদের মোট জুতার ৮০ শতাংশই উৎপাদন হয়। বাকিটা আমদানি করা হয়।
এবারের ঈদে পাঁচ শতাধিক নতুন নকশার জুতা এনেছে লোটো ও লি কুপার। লোটোর হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত বেচাবিক্রি ভালো। আশা করছি শেষ পর্যন্ত প্রবৃদ্ধি হবে। কারণ, রোজার ঈদে শেষ দিকে জুতা বিক্রি হয়। জুতার পুরোনো ব্র্যান্ডের পাশাপাশি নতুন ব্র্যান্ডও বাজারে এসেছে।
প্যানেল হু








