ঈদুল ফিতরের ছুটির সময়েও কিছু গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম চালু রাখতে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে। এই সময়ের মধ্যে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনও অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া শিল্পাঞ্চলের বিশেষ কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকাগুলো এই সুবিধার আওতায় থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজভাবে নির্ধারণ করতে পারবে।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদযাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
এ.এইচ








