ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’-এর বার্তা, পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রিয়াঙ্কাও

প্রকাশিত: ১৩:৫০, ১৬ মার্চ ২০২৬; আপডেট: ১৩:৫০, ১৬ মার্চ ২০২৬

অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’-এর বার্তা, পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রিয়াঙ্কাও

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ এবার শুধু সিনেমা উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; সেখানে উঠে এসেছে রাজনৈতিক বার্তাও। অনুষ্ঠানের এক পর্যায়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, যা দ্রুতই দর্শক ও সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের পুরস্কার ঘোষণা করতে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে মঞ্চে ওঠেন অস্কারজয়ী এই অভিনেতা। পুরস্কার ঘোষণার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে হবে। তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের অনেকেই হাততালি দিয়ে সমর্থন জানান। পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা চোপড়াকেও তখন হাসিমুখে মাথা নেড়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

অনুষ্ঠানে বারদেমের পোশাকে থাকা দুটি বিশেষ পিনও সবার দৃষ্টি আকর্ষণ করে। এর একটি ছিল ‘নো আ লা গুয়েরা’ বা ‘যুদ্ধ নয়’ লেখা ব্যাজ, যা তিনি ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রতিবাদেও ব্যবহার করেছিলেন। প্রায় দুই দশক পর আবারও তিনি সেটি পরেন। অন্য পিনটিতে ছিল ‘হান্দালা’ নামের একটি কার্টুন চরিত্রের প্রতীক, যা ফিলিস্তিনি প্রতিরোধের আন্তর্জাতিকভাবে পরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

রেড কার্পেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারদেম বলেন, গাজায় বর্তমানে যে পরিস্থিতি চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এই সংঘাতে বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন।

অন্যদিকে, অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে প্রথমবার উপস্থাপক হিসেবে অংশ নেওয়ার পর এবারের আসরেও তিনি আন্তর্জাতিক এই অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের পরিচিতি ও উপস্থিতি আবারও তুলে ধরেন।

×