ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সিআইএস-বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাকিফ শামীম  

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৩, ১৪ মার্চ ২০২৬

সিআইএস-বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাকিফ শামীম  

সাকিফ শামীম। ছবি: সংগৃহীত

কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CIS-BCCI) জয়েন্ট চেম্বারের ২২ তম বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ল্যাবএইড গ্রুপ ও লাইফপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাকিফ শামীমকে সংগঠনটির সকল সদস্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।সিআইএস-বিসিসিআই রাশিয়া ও অন্যান্য সিআইএস ভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য প্রসারে কাজ করে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বিকেলে সিআইএস-বিসিসিআই-এর ২২ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সকল সদস্য সাকিফ শামীম কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মাহবুব ইসলাম রুনু, ব্যবসায়ী নেতা ইকবাল জামাল জুয়েলসহ সংগঠনটির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই সভায় পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্ম আন্তর্জাতিক সংযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাকিফ শামীম বলেন, আমাদের প্রথম কাজ হবে সিআইএস-বিসিসিআই জয়েন্ট চেম্বারকে শক্তিশালী করা। এলক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, আসন্ন এফবিসিসিআই নির্বাচন দেশের সাড়ে চার কোটি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনে তিনি সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বৈশ্বিক সঙ্কটের এই সময় দেশের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর নেতৃত্বে আগামী দিনের অর্থনীতি এগিয়ে যাবে। ব্যবসায়ীদের অনেক সমস্যা রয়েছে। সব ধরনের সমস্যা খুঁজে বের করে তা সমাধানে আমরা সুপারিশ গুলো সরকারের কাছে তুলে ধরবো।

×