ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

রায়গঞ্জে পুলিশের উপর হামলা: আটক ১

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৩:০৩, ১৪ মার্চ ২০২৬

রায়গঞ্জে পুলিশের উপর হামলা: আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত এএসআইয়ের নাম মামুনুর রশীদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার ক্ষুদ্রদৌলতপুর গ্রামের মৃত আবুল শেখের ছেলে মনি নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক মনি জানান, শনিবার বিকেলে ষোল মাইল বাজার এলাকায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) এর সঙ্গে একটি বিবাদমান বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা আফস আলীর ছেলে রুহুলসহ কয়েকজন কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এএসআই মামুনুর রশীদ আহত হন। আটক মনি হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়টিও স্বীকার করেছেন বলে তিনি জানান।
ঘটনার পর চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “ঘটনার বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এএসআই মামুনুর রশীদ আহত হওয়ার বিষয়টি সত্য। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজু

×