ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বাজার মূলধন বাড়ল ৯ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:১৯, ১৪ মার্চ ২০২৬

বাজার মূলধন বাড়ল ৯ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখি

ব্যাপক দরপতনের পর গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে ডিএসইর বাজার মূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মূল্যসূচক। তবে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর গত সপ্তাহের আগের সপ্তাহে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়।

লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় এক সপ্তাহেই ডিএসইর বাজার মূলধন ২০ হাজার ৪১৩ কোটি টাকা কমে যায়। এমন পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়। তবে পরের চার কার্যদিবসে ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। এতে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩৮টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এমন উত্থান হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬১ কোটি টাকা বা ১ দশমিক ২৮ শতাংশ। বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ১২৭ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৪২ শতাংশ।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫৪ দশমিক ৭৪ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৫৭ দশমিক ৯৫ পয়েন্ট বা ৭ দশমিক ২৮ শতাংশ। ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩০ দশমিক ৭০ পয়েন্ট বা ২ দশমিক ৯৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৬৭ দশমিক ৪৭ পয়েন্ট বা ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। 
এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা।

প্যানেল হু

×