ছবি: জনকণ্ঠ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ চিন্হিত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ সোহেল শেখ (৪৫) জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকার অন্যান্য ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান অন্য এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জনকন্ঠকে জানান, ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও ধৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ.এইচ








