ঈদ মানেই আনন্দ, খুশি এবং স্বপ্ন পূরণের দিন। এই দিনটির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থাকে, তাদের কাছে ঈদ যেন এক বিশেষ অনুভূতির নাম। পরিবার-পরিজনের সঙ্গে দেখা করা এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তারা বাড়ির পথে ছুটে আসে। দুঃখজনক হলেও সত্য, অনেক সময় এই স্বপ্নের যাত্রা দুঃস্বপ্নে পরিণত হয়। কারণ, ঈদ এলেই দেখা যায় গণপরিবহনের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ, যারা জীবিকার তাগিদে শহরে আসে, তাদের জন্য বাড়ি ফেরা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। ঈদে সবাই নতুন জামা-কাপড় কেনে এবং ভালো খাবারের আয়োজন করে। কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক সময় তারা এসব চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। তাছাড়া ঈদের সময় সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়। এর ফলে অনেক পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। তাই প্রয়োজন ঈদের সময় গণপরিবহনের ভাড়া স্বাভাবিক রাখা এবং গাড়িচালকদের নিরাপদ ও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে উৎসাহিত করা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। যাতে করে ঈদযাত্রা সবার জন্য সহজ, স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়।
প্যানেল/মো.








