ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ!

প্রকাশিত: ১৯:১১, ১৮ মার্চ ২০২৬

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ!

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সান্তাহার স্টেশনের অদূরে তিলকপুর এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুপুর ২টায় সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনের ছাদে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় বগিগুলো উল্টে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে অনেকে গুরুতর আহত হয়েছেন। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া না গেলেও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা অনেক।

রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন যে রিলিফ ট্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের প্রধান পরিবহন কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই দুর্ঘটনার প্রভাবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস আব্দুল্লাহপুরে আটকা পড়েছে এবং বাংলাবান্ধা ও তিতুমীর এক্সপ্রেসের সূচিও বিপর্যস্ত হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ফারুক

×