ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ মার্চ ২০২৬

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রবিবার কৃষক কার্ডবিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকালে সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। এতে আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির নির্বাচনী ইশতেহারে সারাদেশে কৃষকদের সহযোগিতা করতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে।
আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন।
জেলা বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ৯টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে দিনাজপুরের দিকে রওনা হবেন। প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন।
তারা আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্যানেল / জোবায়ের

×