ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১৮ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স

ইমানুয়েল ম্যাক্রোঁ

হরমুজ প্রণালিতে সামরিক অভিযান নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, তার দেশ হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সাহায্য করতে প্রস্তুত ফ্রান্স-তবে সেটা চলমান ইরান যুদ্ধ থেকে সম্পূর্ণ আলাদা একটি মিশনের অংশ হিসেবে হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সংঘাতে জড়িত নই। তাই হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নিয়ন্ত্রণ নেওয়ার সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না।’
প্যারিসের এলিসি প্রাসাদে এক নিরাপত্তা বৈঠকের আগে ম্যাক্রোঁ আরও বলেন, কোনো উদ্যোগ নিলে তা অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা ও উত্তেজনা কমানোর মাধ্যমে করতে হবে এবং সেটি চলমান বোমা হামলা বা সামরিক অভিযানের বাইরে আলাদা রাখতে হবে।
গত দুই সপ্তাহেরও বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। চলতি সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর সময় থেকে প্রায় ৪৫ শতাংশ বেশি।

প্যানেল হু

×