ছবি: সংগৃহীত
যেকোনো উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করতে সামরিক বাহিনীকে আগাম অনুমতি দিয়ে রাখলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আজ বুধবার এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তিনি যৌথভাবে আইডিএফ-কে এই এখতিয়ার দিয়েছেন যাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো সময় অভিযান চালানো যায়।
কাৎজ দাবি করেছেন, গত মঙ্গলবার রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তেহরান এখন পর্যন্ত এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। এর আগে সোমবার রাতে তেহরানে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তার পুত্র এবং বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার খবর ইরান নিশ্চিত করেছে। আজ বুধবার বিপুল মানুষের অংশগ্রহণে তেহরানে তাঁদের জানাজা সম্পন্ন হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান ও লেবানন ফ্রন্টে আগামী দিনগুলোতে আরও ‘চমক’ অপেক্ষা করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের ধারাবাহিকতায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই রাজনৈতিক হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ড বলে কঠোর নিন্দা জানিয়েছেন।
ফারুক








