ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সংস্কৃতি সংবাদ

চিত্রশালায় ‘উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’

প্রকাশিত: ২৩:১৯, ২৩ ডিসেম্বর ২০২১

চিত্রশালায় ‘উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’

স্টাফ রিপোর্টার ॥ পৌষের বিকেল থেকেই কবিতার শিল্পিত উচ্চারণে হৃদয়গ্রাহী হয়ে উঠে আয়োজন। বাচিকশিল্পীদের অংশগ্রহণে রাত অবধি গড়ায় সেই কবিতাপাঠের আসর। উচ্চারিত হয় স্বাধীনতার কবিতা। দোলায়িত ছন্দের আশ্রয়ে প্রকাশিত হয় সম্প্রীতির বারতা। সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও প্রতিবাদের বহ্নিশিখা হয়ে ওঠে কারো কণ্ঠ-নিঃসৃত কবিতাখানি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনেও উচ্চারিত হয়েছে কবিতা। এভাবেই স্বদেশের পঙ্ক্তিমালাকে ধারণ করে পঠিত হয়েছে দেশের প্রখ্যাত থেকে তরুণ কিংবাা খ্যাতিমান কবিদের কবিতা। সেসব কবিতাপাঠ করেছেন ঢাকা বিভাগ এবং ঢাকা মহানগরের আবৃত্তিশিল্পীরা। দেশব্যাপী সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কবিতানির্ভর এ অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ। ‘উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ শিরোনামের আবৃত্তি অনুষ্ঠানমালায় বিভাগীয় পর্যায়ের ঢাকা বিভাগের সপ্তম আয়োজনটি অনুষ্ঠিত হলো বুধবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে। ঢাকা বিভাগের সকল জেলার আবৃত্তিশিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত শিল্পীরা অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন। সারাদেশের প্রতিভাবান আবৃত্তিশিল্পীদের তুলে আনতে সিলেট বিভাগ থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের সমাপ্তি টানা হবে। পরবর্তীতে রাজধানীতে সারাদেশের সকল আবৃত্তিশিল্পীকে নিয়ে মিলনমেলার আয়োজন করা হবে। সূচনা বক্তব্যে আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক বিশিষ্ট বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, দেড় মাস ধরে আমরা দেশের সাতটি বিভাগের আবৃত্তিশিল্পীরা জোটবদ্ধ হয়েছি। আর এই জোটবদ্ধতায় তারুণ্যই ছিল আমাদের প্রেরণা। এ আয়োজনের মাধ্যমে সম্প্রীতির বারতা ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আবৃত্তিশিল্পী তুলে আনতে চাই। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংসদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। সংক্ষিপ্ত কথন শেষে শুরু হয় পরিবেশনা পর্ব। পরবর্তীতে পরিবেশনার মাঝে যুক্ত হন প্রধান অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধকসহ অন্য অতিথিরা। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাপাঠের মাধ্যমে পরিবেশনা পর্বের সূচনা হয়। ছন্দ আর অন্তঃমিলের আশ্রয়ে উচ্চারিত হয়Ñ ধন্য সেই পুরুষ, যার নামের ওপর রৌদ্র ঝরে/চিরকাল, গান হয়ে/নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা; যাঁর নামের ওপর/ কখনো ধুলো জমতে দেয় না হাওয়া...। শামসুর রাহমান রচিত ‘ধন্য পুরুষ’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করেন নাইমুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘রাজবন্দির জবানবন্দি’ ডকুফিল্মের প্রিমিয়ার শো ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে বাঁশরী প্রযোজিত ‘রাজবন্দির জবানবন্দি’ ডকুফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
×