বাংলা সনের প্রথমদিন, তথা বাংলা নববর্ষ। বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল বৈশাখী উৎসব পালিত হয়। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন আমাদের শরীর ও মন চায় একটু নির্মল আনন্দ, নতুন কোন পরিবেশ। তাই তো সময় সুযোগ হলেই আমরা ছুটে চলি নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। আর নববর্ষ উপলক্ষে কিছুদিনের ছুটি হলো ঘোরাঘুরি করার মোক্ষম সময়। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। প্রতিবছর এই বিশেষ দিনের অবকাশ উদ্যাপন করা হয় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যেমনÑ পার্ক, জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা বা দূরের নিসর্গসমৃদ্ধ স্থানগুলো পরিদর্শন করে। বাংলার চিরায়ত ও ঐতিহ্যবাহী এই নববর্ষের দিনে বিভিন্ন স্থান ভ্রমণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত তুলে ধরেছেন পান্থ আফজাল
পার্ক
ফ্যান্টাসি কিংডম
ফ্যান্টাসি কিংডমকে বাংলাদেশের ডিজনীল্যান্ড বললে অত্যুক্তি হবে না। এটি দেশের একটি অন্যতম প্রধান দর্শনীয় চিত্তবিনোদনমূলক পার্ক এবং ইতোমধ্যে এই পার্কটি পর্যটকদের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। পার্কটির পরিদর্শকদের থাকার জন্য এখানে রয়েছে ৪ তারকা বিশিষ্ট হোটেল যেখানে রয়েছে ২০০ রুম, হলরুম, রেস্টুরেন্ট এবং রিসোর্ট সিটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশী রাইড, আন্তর্জাতিক মানের সেবা ও নির্মল বিনোদনের জন্য ক্রমেই ভ্রমণপিপাসু মানুষের নিকট আলাদা স্থান করে নিয়েছে ফ্যান্টাসি কিংডম।
এখানে আন্তর্জাতিক মানের সব রাইড রয়েছে। যা একসময় দেশের মানুষ বিভিন্ন বিদেশী ছবিগুলোতে দেখেছে। রাইডগুলো হলোÑ প্যাডেল বোট, ম্যাজিক কার্পেট, বাম্পার বোট, বাম্পার কার্ট, ইজিডিজি, জুজু ট্রেন, রোলার কোস্টার, হ্যাপি, ক্যাংগার, শান্তা মারিয়া, জায়ান্ট ফ্লিউম, বই আরলি বার্ড।
টিকেটের মূল্য ও প্যাকেজ
ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্য ও রাইড মিলিয়ে বিভিন্ন প্যাকেজ রয়েছে। একমাত্র কোলের বাচ্চা ছাড়া সকলের টিকেট সংগ্রহ করতে হয়। বয়স্কদের জন্য প্রবেশ ও ২টি রাইড ২২০ টাকা, তিন ফুটের নিচে বাচ্চাদের প্রবেশ ও ২টি রাইড ১২০ টাকা, বয়স্কদের প্রবেশ ও সব রাইড ৩৯০ টাকা, বাচ্চাদের প্রবেশ ও সব রাইড ২০০ টাকা এবং ৪ জনের প্রবেশ, সব রাইড এবং লাঞ্চ-ডিনারের প্যাকেজ ১৬০০ টাকা।
জিয়া শিশুপার্ক
যান্ত্রিকনগরী ঢাকাতে সকল শ্রেণী-পেশার মানুষের অন্যতম বিনোদনের স্থান ‘শহীদ জিয়া শিশু পার্ক।’ নামে শিশুপার্ক হলেও সকল বয়সের মানুষের জন্য এই পার্কটি উন্মুক্ত। এই পার্কটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশে এবং রমনা পার্কের বিপরীত পাশে অবস্থিত। ১৯৭৯ সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির তত্ত্বাবধানে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন।
প্রবেশ মূল্য ও রাইড ফি জনপ্রতি ৮ টাকা এবং রাইড ফি জনপ্রতি (প্রতিটি একবার করে) ৬ টাকা।
নন্দন পার্ক
সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির ওপর ২০০৩ সালের অক্টোবর মাস থেকে নন্দন থিম পার্কের যাত্রা শুরু। ঢাকার মতিঝিল থেকে এখানে বাসযোগে পৌঁছতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। আকর্ষণীয় রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, ওয়েব পুল, জিপ সøাইড, রক ক্লাইমরিং, রিপলিং, মুন রেকার, কাটার পিলার, ওয়াটার কোস্টার, আইসল্যান্ড, প্যাডেল বোট। এছাড়া রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড।
প্রবেশ মূল্য
এখানে প্রবেশ মূল্য তিনভাগে বিভক্ত। নন্দন পার্কে প্রবেশ মূল্য ৯০ টাকা। পার্কে প্রবেশ মূল্য ও ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইড ব্যবহার ফি ২৫০ টাকা।
ড্রিম হলিডে
রাজধানী ঢাকার অদূরে নরসিংদী জেলায় গড়ে উঠেছে বিশ্বমানের থিম পার্ক ‘ড্রিম হলিডে’। ছোটবড় সবার জন্যই রয়েছে আলাদা সব রাইড। ৬০ একর জমির ওপর নির্মিত এ পার্কে রয়েছে নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল, অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়াবি স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ, পার্কে শিশু-কিশোরদের জন্য একাধিক রাইডস, সুবিশাল লেক, হংসরাজ প্যাডেল ও জেট ফাইটার বোট, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশবেষ্টিত নয়নাভিরাম ক্যানেল, রকিং হর্স, ক্লোজসার্কিট ক্যামেরা ও সরকার প্রদত্ত নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ।

