সংসদ রিপোর্টার ॥ পার্বত্য এলাকার বিশাল বনাঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য করার প্রস্তাব এসেছে সংসদীয় কমিটির বৈঠকে। কমিটির পক্ষ থেকে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা রয়েল বেঙ্গল টাইগারের উপযোগী কিনা, তার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বৈঠকে আগামী বছর থেকে আন্তর্জাতিক নারী দিবসে পরিবেশ খাতে অবদানের জন্য নারীদের পদক দেয়ার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয় ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশগতভাবে সঙ্কটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া নীতিমালায় সেখানে ধূমপান ও রাত যাপন নিষিদ্ধকরণ এবং দিনে পর্যটক ৯০০ এর মধ্যে সীমাবদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।








