ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সিলেটে ব্যাপক প্রস্তুতি: সতর্ক অবস্থানে প্রশাসন 

এস এ শফি,সিলেট

প্রকাশিত: ১৫:৩৭, ২০ মার্চ ২০২৬; আপডেট: ১৫:৩৮, ২০ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সিলেটে ব্যাপক প্রস্তুতি: সতর্ক অবস্থানে প্রশাসন 

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা ও মহানগর মিলিয়ে প্রায় তিন হাজার স্থানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ প্রশাসনের তথ্যমতে, পুরো সিলেট জেলায় মোট ২ হাজার ৯৫৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৩৯৬টি জামাত। নগরের বিভিন্ন মসজিদে বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হলেও, একাধিক ঈদগাহেও বিশেষ জামাতের আয়োজন রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। সিলেটের দুই মন্ত্রী-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা বিশিষ্টজনেরা এখানে নামাজ আদায় করবেন।

দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।

দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।  জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় ঈদুল ফিতরের দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজারের বেশি স্থানে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। এসব জামাতের বড় অংশই মসজিদে অনুষ্ঠিত হবে, পাশাপাশি খোলা ঈদগাহ মাঠেও থাকবে উল্লেখযোগ্য সংখ্যক জামাত।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে বিশেষ উদ্যোগ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে বাড়তি নজরদারি এবং বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে, জেলার প্রতিটি জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানান, ঈদকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে। বড় ঈদগাহ মাঠগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

 

রাজু

×