গণমাধ্যমে প্রকাশিত হৃদয়বিদারক সংবাদের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চরম দারিদ্র্য আর অভাব–অনটনের মধ্যে দিন কাটানো সেলিনা বেগমের পরিবারে পৌঁছেছে সহায়তার হাত।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি গ্রামে সেলিনা বেগমের বাড়িতে যান। এ সময় তারা পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
প্রতিনিধি দলটি পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
জানা যায়, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় সেলিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারালে চরম সংকটে পড়ে পরিবারটি। বর্তমানে ছয় সদস্যের এই পরিবারে রয়েছে দুই প্রতিবন্ধী মেয়ে, দুই বছরের একটি ছেলে, অসুস্থ স্বামী ও বৃদ্ধ শাশুড়ি।
অভাব অনটনের কারণে কখনো শুধু পানি, আবার কখনো শাক পাতা আর ভাত দিয়েই সেহরি ও ইফতার সারতে হচ্ছে তাদের। ঈদে নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যদিনের খাবার জোগাড় করাও যেখানে কঠিন সেখানে এই সহায়তা তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয়রা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আসে। এর পরপরই সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
সহায়তা পেয়ে সেলিনা বেগম ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
রাজু








