ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

জমি নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৯, স্বর্ণালংকার লুটের অভিযোগ

শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া, রংপুর 

প্রকাশিত: ১৬:২৫, ২০ মার্চ ২০২৬

জমি নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৯, স্বর্ণালংকার লুটের অভিযোগ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় মারধর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

মামলার বাদী ভুক্তভোগী পরিবারের গৃহবধূ মোছাঃ আশা মনি অভিযোগ করেন, গত ১৯ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে তাঁর চাচা শ্বশুর আলম মিয়া বাড়ির পাশের নিজস্ব জমিতে গরুর খাবারের জন্য একটি পাকা হাউজ নির্মাণ করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ রেজাউল ইসলাম জমির দাবি তুলে কাজ বন্ধ করতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অভিযোগে বলা হয়, রেজাউল ইসলামের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা, দা, ছোরা ও লোহার রড নিয়ে হামলা চালান। এতে আলম মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাইদুল ইসলাম, মমিনা বেগম, ইয়াছিন আরাফাতসহ নারী-পুরুষ মিলিয়ে ৯ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

বাদীপক্ষের দাবি, হামলার সময় মমিনা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নির্মাণাধীন হাউজ ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়। আহতদের উদ্ধার করতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেজাউল ইসলাম। তিনি বলেন, জমিটি তাঁদের দখলে রয়েছে এবং প্রতিপক্ষই আগে হামলা চালায়। আত্মরক্ষার্থে তাঁরা প্রতিরোধ করেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বির সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আহত করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রতিপক্ষই প্রথমে হামলা চালায় এবং তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করলে উভয় পক্ষের লোকজন আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সবুর জানান, এ বিষয়ে গতকাল রাতে নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম.কে

×