ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা

ওমর ফারুক, জীবননগর, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ১৬:১১, ২০ মার্চ ২০২৬

জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন। 

শুক্রবার জুম্মার নামাজের পর সংগঠনের সদস্যরা দুর্গম এলাকায় পায়ে হেঁটে গিয়ে ৪০টি অসহায় ও বিধবা পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেন ঈদ উপহার সামগ্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোজার ক্লান্তি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে একদল তরুণ স্বেচ্ছাসেবী মানবিক দায়িত্ববোধ থেকে এ কার্যক্রম পরিচালনা করেন। তাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সংগঠনের স্থায়ী কমিটির সদস্য বিক্রম হোসাইন বলেন, ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে—এই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই সমাজের প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক।

তিনি আরও জানান, বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং সমাজের অন্যান্য যুবকদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

রাজু

×