ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

শেষ মুহুর্তে জমে উঠেছে সিলেটের ঈদ বাজার: ফুটপাত থেকে শপিংমলে ক্রেতার ঢল

এস এ শফি,সিলেট

প্রকাশিত: ১৫:১৯, ২০ মার্চ ২০২৬; আপডেট: ১৫:১৯, ২০ মার্চ ২০২৬

শেষ মুহুর্তে জমে উঠেছে সিলেটের ঈদ বাজার: ফুটপাত থেকে শপিংমলে ক্রেতার ঢল

ছবি:জনকণ্ঠ 

সিলেটে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটার ধুম পড়েছে। সকাল থেকে সেহরির আগ পর্যন্ত অভিজাত শপিংমল, মার্কেট ও ব্যান্ডের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থে রমজানের শেষ দশকে নগরের বাজার রমরমা হয়ে ওঠে।

নগরের জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, নাইওরপুল, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় চোখে পড়েছে। ইফতার সময় কিছুটা কমে গেলেও তারাবির পর আবারও ভিড় বৃদ্ধি পেয়েছে।

উচ্চবিত্ত ক্রেতারা প্রধানত জিন্দাবাজার-নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় নামিদামি ব্র্যান্ড ও আধুনিক শপিংমলে অবস্থান নিয়েছেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে বন্দরবাজারের হাসান মার্কেট ও হর্কাস মার্কেটে। ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী পোশাক ও উপহার সামগ্রী কিনছেন।

শেষ মুহূর্তের কেনাকাটা করতে আসা অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মব্যস্ততার কারণে আগে সময় বের করতে না পারায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে মার্কেটে আসতে হয়েছে। কেউ কেউ পরিবারের সবার কেনাকাটা আগেই সেরে রাখলেও, নিজের প্রয়োজনীয় জিনিসটি কেনা বাকি ছিল। তাই ঈদের ঠিক আগমুহূর্তে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন তারা। 

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, “এবার প্রবাসীদের দেশে আগমনের কারণে ব্যবসা অনেকাংশে ভালো হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা প্রভাব পড়েছে, ফলে ক্রেতাদের বাজেট সীমিত হয়েছে।”

পর্যটক এবং ব্যবসায়ীরা  আশা করছেন, ঈদ শেষে নগরের অর্থনৈতিক কার্যক্রম এবং ব্যবসা-ব্যস্ততা আরও বাড়বে।

 

রাজু

×