ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শামসুর রাহমান শিমুল বিশ্বাস

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ১৩ মার্চ ২০২৬; আপডেট: ২০:২০, ১৩ মার্চ ২০২৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে

ছবি: দৈনিক জনকণ্ঠ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চ উন্মুক্ত মাঠে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক শ্রমিক এর উদ্যোগে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে পরিবহণ মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিএ, সাংবাদিক ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুলিস্তান বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যাতায়াত করেন। এ সময় সড়ক, নৌ ও রেলপথে যাত্রীচাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, ছিনতাই এবং যাত্রীদের হয়রানি প্রতিরোধে ভিজিলেন্স টিম সার্বক্ষণিক কাজ করবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চালকদের অতিরিক্ত গতি পরিহার, নির্ধারিত নিয়ম মেনে গাড়ি চালানো এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নারী যাত্রী, শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়েও বাড়তি সতর্কতা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা যেন মানুষের জন্য ভোগান্তির কারণ না হয়, সেজন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এম.কে

×