ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফুটপাতের হকার উচ্ছেদে ঢাকা টঙ্গী গাজীপুর ময়মনসিংহ মহাসড়কে এমপি রনি

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২১:১৮, ১৩ মার্চ ২০২৬

ফুটপাতের হকার উচ্ছেদে ঢাকা টঙ্গী গাজীপুর ময়মনসিংহ মহাসড়কে এমপি রনি

ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত স্বাভাবিক এবং ঈদযাত্রায় ভোগান্তি কমাতে টঙ্গীতে ফুটপাতের হকারদের সতর্ক করেছেন গাজীপুর ২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি। তিনি ফুটপাতের হকার ব্যবসায়ীদের বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে গাড়ি ঘোড়া চলাচলে যাতে বিঘ্ন না ঘটে ঈদের আগ পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান চলবে। শুক্রবার ১৩ মার্চ বিকালে টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট এলাকায় হকার উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন এমপি রনি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

এ সময় তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে আজ থেকে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে যা ঈদ পর্যন্ত চলবে। এবং পরবর্তীতেও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট করা যাবে না। বর্তমান সরকার এই বিষয়গুলোকে একটি শৃঙ্খলার ভেতর আনতে কাজ করে যাচ্ছে। হকারদের পুনর্বাসনের স্থান খোঁজা হচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ না করলে যানজটমুক্ত করা যাবে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়কের সব প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।

 

রাজু

×