ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ক্যান্সারে আক্রান্ত ফাহমিদারকে ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদারের আর্থিক অনুদান 

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ

প্রকাশিত: ২১:০৪, ১৩ মার্চ ২০২৬; আপডেট: ২১:০৪, ১৩ মার্চ ২০২৬

ক্যান্সারে আক্রান্ত ফাহমিদারকে ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদারের আর্থিক অনুদান 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কুদ্রতীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ক্যান্সারে আক্রান্ত অসহায় ফাহমিদা আক্তারের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার। সম্প্রতি বিরামচর গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী বদরুল আলমের পক্ষে ফাহমিদার হাতে আর্থিক অনুদান তুলে দেন সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান ও সাংবাদিক মুজিবুর রহমান। এলাকাবাসী জানার পর মানবিক এ উদ্যোগের প্রশংসা করেছেন। 

জানা যায়, ফাহমিদা আক্তারের বাবা নেই। তার মা, ছোট ভাই ও দুই বোন রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তাদের জীবনযাপন কষ্টকর। এরমধ্যে দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহমিদা আক্তার। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় উন্নত চিকিৎসা চালিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ফ্রান্স প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার এগিয়ে আসেন এবং ফাহমিদার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
বদরুল আলম তালুকদার বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ফাহমিদা আক্তারের অসুস্থতার কথা জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই তার চিকিৎসার জন্য সামান্য সহযোগিতা করেছি। তিনি ফাহমিদার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

ফাহমিদা আক্তারের পরিবার এই সহযোগিতার জন্য বদরুল আলম তালুকদারসহ সকল সহৃদয় ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, এমন মানবিক সহায়তা না পেলে চিকিৎসা চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। তার চিকিৎসার জন্য আরও প্রচুর টাকা প্রয়োজন। তাই সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগীতা কামনা করছি। 

এলাকাবাসী জানান, প্রবাসে থেকেও বদরুল আলম তালুকদার সব সময় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তার এই মানবিক উদ্যোগ অন্যদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এভাবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন রক্ষা পেতে পারে। একই সঙ্গে তারা ফাহমিদা আক্তারের চিকিৎসার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

 

রাজু

×