ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

নওগাঁ–৩ দুর্দিনের নেতৃত্বের স্বীকৃতি পেলেন ফজলে হুদা বাবুল

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ 

প্রকাশিত: ০১:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ০১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁ–৩  দুর্দিনের নেতৃত্বের স্বীকৃতি পেলেন ফজলে হুদা বাবুল

ছবি: জনকণ্ঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মো. মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪২১ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১২৯ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৮৭৯ ভোট, হাতপাখা প্রতীকে ৩ হাজার ৬৪৩ ভোট, মই প্রতীকে ১ হাজার ২৩৩ ভোট, জাহাজ প্রতীকে ৮২৩ ভোট এবং টেলিভিশন প্রতীকে ১৯৫ ভোট পড়েছে।

সব মিলিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ফজলে হুদা বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৭ হাজার ৪৬৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

বিজয়ের পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ নেতাকর্মীরা জানান, বাবুল দীর্ঘ ১৭ বছর বিভিন্ন মামলা ও রাজনৈতিক চাপ মোকাবিলা করে দলের হাল ধরে রেখেছিলেন। নেতাকর্মীদের বিপদে–আপদে পাশে থেকে তিনি ব্যক্তিগতভাবে আইনি ও সাংগঠনিক বিষয় সামাল দিয়েছেন, ফলে অনেক পরিবারকে আলাদা করে ভোগান্তিতে পড়তে হয়নি।

দলীয় সূত্র জানা যায়, ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন না পেলেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের নিয়ে এলাকায় দল পুনর্গঠনে কাজ চালিয়ে যান। এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর নিজ পরিবারে বিরোধিতার পরিস্থিতি তৈরি হলেও তিনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করেন।

এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন ফজলে হুদা বাবুল।

বিজয় নিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, দুর্দিনে বাবুল যে ত্যাগ ও সহযোগিতার নজির দেখিয়েছেন, তারই প্রতিদান জনগণ ব্যালটের মাধ্যমে দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

শহীদ

×