ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

নদী ভরাট করে দোকানঘর

বাগেরহাটে দখল ও দূষণে ভৈরব নদী অস্তিত্ব সংকটে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২৩:৫৮, ১৬ মার্চ ২০২৬

বাগেরহাটে দখল ও দূষণে ভৈরব নদী অস্তিত্ব সংকটে

অবৈধ দখল এবং হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নিক্ষেপের ফলে নদী এখন মৃতপ্রায়

বাগেরহাটের কচুয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা ভৈরব নদী এখন অস্তিত্ব সংকটে ভুগছে। প্রভাবশালী ভূমিদস্যুদের অবৈধ দখল এবং হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নিক্ষেপের ফলে নদীটি এখন মৃতপ্রায় খালে পরিণত হতে চলেছে।
কচুয়ার এই ভৈরব নদীতে যেন চলছে দখলের মহাউৎসব। সরেজমিনে দেখা গেছে, নদীর দুই পাড়ে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও ভূমিদস্যুরা অবৈধভাবে পাড় দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছে। কোথাও কোথাও নদী ভরাট করে দোকানঘর, এমনকি বাসাবাড়িও নির্মাণ করা হয়েছে। নদীর বুক চিরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পানির স্বাভাবিক প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
দখলের পাশাপাশি ভৈরব নদীকে যেন ময়লা ফেলার ভাগাড়ে পরিণত করেছে স্থানীয় কতিপয় ব্যবসায়ী। কচুয়া বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পচা-বাসি খাবার, প্লাস্টিক বর্জ্য এবং পয়ঃনিষ্কাশনের ড্রেন সরাসরি নদীতে মিশছে। এতে নদীর পানি শুধু ব্যবহারের অনুপযোগীই নয়, বরং ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ।
স্থানীয় সলেমান সেখ, মিহীন কান্তি দাস ও আমেনা বেগম বলেন, “আমরা ছোটবেলায় এই নদীতে বড় বড় লঞ্চ, স্টিমার ও নৌকা চলতে দেখেছি। এখন নদীটা দখল হতে হতে সরু ড্রেনের মতো হয়ে গেছে। ময়লা ফেলে পানি এতটাই বিষাক্ত করা হয়েছে যে, গায়ের চামড়ায় লাগলে চুলকানি ও পাচড়া হয়।”
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সামনে দিনদুপুরে দখল ও দূষণ চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে লোকদেখানো উচ্ছেদ অভিযান হলেও কিছুদিন যেতে না যেতেই পরিস্থিতি আগের রূপে ফিরে আসে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সিএস ম্যাপ অনুযায়ী নদী জরিপ করে সীমানা নির্ধারণ করা এবং নদীর ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি। নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও ডাস্টবিনের ব্যবস্থা প্রয়োজন।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ভৈরব নদীকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে এই জনপদের প্রাণপ্রবাহ এই নদী। যার বিরূপ প্রভাব পড়বে কৃষি, নৌচলাচল, পরিবেশ ও জলাবদ্ধতাসহ এ অঞ্চলের জীববৈচিত্র্যের ওপর।

প্যানেল হু

×