ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ০০:৫৯, ২১ অক্টোবর ২০২৫

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। 
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটগুলো চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। ১ নং ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা যাবে। আর ৩ নং ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এখনো বেশকিছু সমস্যা রয়ে গেছে। ফলে, এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
প্রধান প্রকৌশলী আরও জানান, ২০২০ সাল থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নং ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের ৩ নং ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ রবিবার রাতে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিটের বয়লারের টিউব লিক করে। ফলে, ওই ইউনিটও বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ ওই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেও জানান তিনি।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নং ইউনিট ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। আর ৩ নং ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

প্যানেল হু

×