হিলি চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ডে শত শত মানুষের পদচারণায় চারপাশ মুখর। সীমান্তের দুই প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। কেউ পূজা দেখতে, কেউবা অনেকদিন দেখা হয়নি আত্মীয়-স্বজনের সঙ্গে অন্তত দূর থেকে দেখার জন্য এসেছেন। তবে বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তার কারণে দূর থেকে হাত নেড়ে অভিব্যক্তি প্রকাশ করে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে দশনার্থীদের। দিনাজপুরের হিলি সীমান্তে দেখা গেছে এমন দৃশ্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের দর্শনার্থীদের ভিড় সেখানে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখা যায়, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও, ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে শত শত মানুষ ছুটে এসেছেন সীমান্তের শূন্য রেখায়। তাদের অনেক আত্মীয়-স্বজন রয়েছে ভারতে। কাঁটাতারের ফাঁক দিয়ে দূর থেকে আত্মীয়-স্বজনকে দেখছেন তারা। দর্শনার্থীরা বলেন, একটু ভেতরে একদিনের জন্য তাদের যেতে দিলে দুর্গাপূজার প্রতিমা দেখতে পারতেন। আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করে মন খুলে কথা বলতে পারতেন। দুই দেশের সরকারের কাছে দাবিটি রাখেন তারা।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে আসা শ্রুতি রানী সাহা বলেন, আমার বোন-ভাগনি থাকে ভারতে। প্রায় ১২ বছর তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই। আমার পাসপোর্ট নেই যে ভারতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করব। তেমনি ওদেরও পাসপোর্ট নেই বলে এদেশে আসতে পারছে না। তিনি বলেন, পূজার সময় নাকি দেখা-সাক্ষাৎ করতে দেয়, সে কারণেই আজ হিলি সীমান্তে এসেছি। কিন্তু ওদের সঙ্গে দেখা করা ও কথা বলা সম্ভব হচ্ছিল না। বিজিবি কাছে যেতেই দিচ্ছিল না। বলছে অনুমতি নেই। আমরা যেমন সীমান্তের কাছে দাঁড়িয়ে আছি, তেমনি ভারতে থাকা আত্মীয়-স্বজনও সীমান্তের ওপারে দাঁড়িয়ে রয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে আসা এক দর্শনার্থী আব্দুল মান্নান বলেন, শুনেছিলাম পূজায় একদিনের জন্য সীমান্ত নাকি খুলে দেওয়া হয়। সেই কথা লোকমুখে শুনে পরিবার নিয়ে হিলি সীমান্তে এসেছি, ভারতে গিয়ে পূজা দেখব বলে। কিন্ত এসে দেখি খুলে দেওয়া তো দূরের কথা, সীমান্তের কাছাকাছি বিজিবি আমাদের যেতেই দিচ্ছে না। আমাদের লোকজন ওপারে এসে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে যে একটু দেখা করব, কথা বলব- সেই সুযোগ নেই। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। যদিও সীমান্তে কড়া নিরাপত্তায় রয়েছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা, তবু কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে-মুখে আনন্দ, আবেগ আর ভালোবাসার চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। একে অপরকে দেখার আকাক্সক্ষা, দূর থেকে হলেও স্বজনদের সঙ্গে হাসি বিনিময়। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন পাসপোর্টধারী যাত্রী পারাপার বাড়ছে। বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাচ্ছেন, আবার ভারত থেকেও বহু দর্শনার্থী আসছেন বাংলাদেশে। আত্মীয়-স্বজনদের বাড়িতেও যাচ্ছেন অনেকে।
প্যানেল/মো.








