ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছিলেন সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী। দীর্ঘ পাঁচ বছর পর তিনি আবারও জামায়াতে ফিরেছেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে এবি পার্টির আরও ৪০ জন নেতা–কর্মীও জামায়াতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর আমির মামুনুর রশীদ এবং সেক্রেটারি শাহীনুর ইসলাম।
এ সময় বিরামপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।
মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। সে বছর তিনি এবি পার্টিতে যোগ দিয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য এবং দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এবি পার্টি থেকে পদত্যাগপত্র জমা দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মেহেদী হাসান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী সময়ে জামায়াতের সঙ্গে থেকে তিনি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলেন। সে সময় কিছু নেতার সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে প্রত্যাশিত চেতনা খুঁজে না পাওয়ায় আবারও জামায়াতে ফিরে এসেছেন।
তিনি আরও বলেন, “বর্তমানে জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। তাই আমি আবারও জামায়াতে ফিরলাম এবং আমার সঙ্গে এবি পার্টির ৪০ জন নেতা–কর্মীকেও নিয়ে এলাম।”
এম.কে.








