সমাপনী অনুষ্ঠানের আকর্ষণ মরিয়ম বেগম, যিনি নিজেও একসময় পথকলি ছিলেন
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় ও নাইন স্টার যুব সংঘের সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথকলি রাগবি প্রতিযোগিতার সপ্তম আসর আজ শনিবার ঢাকার পল্টন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পল্টন ১৫-০ পয়েন্টে কমলাপুরকে হারিয়ে টানা তৃতীয়বারসহ সর্বোচ্চ ৪র্থ বার শিরোপা অর্জন করে। কমলাপুর এ নিয়ে তৃতীয়বারের মত রানার্সআপ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের উদীয়মান খেলোয়াড় মো. আশরাফুল।
চার দিল নিয়ে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানের আকর্ষণ ছিলেন প্রধান অতিথি মরিয়ম বেগম, যিনি নিজেও একসময় পথকলি ছিলেন। এখন তিনি প্রতিষ্ঠিত একজন নারী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন অস্থায়ী পরিচ্ছন্ন কর্মী। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও দৈনিক ভিত্তিতে কাজ করে থাকেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম এবং প্রতিযোগিতার চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রতিযোগিতা সম্পাদক ও নাইন স্টার যুব সংঘের সভাপতি মো. আমান উল্লাহ, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সামাজিক কার্যক্রম করা মার্টিন।
রুমেল খান








