বিএনপির ধাপে ধাপে প্রার্থী চূড়ান্তের অংশ হিসেবে ঢাকা–১৮ আসনে অবশেষে মনোনয়ন পেলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের আরও ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলে সব জল্পনা–কল্পনার অবসান ঘটে। এতে এর আগে ঘোষিত ২৩৭ জনসহ বিএনপির মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তরা, তুরাগ, খিলক্ষেত, দক্ষিণখানসহ পুরো ঢাকা–১৮ এলাকায় আনন্দের জোয়ার বয়ে যায়। রাতেই বিভিন্ন স্থানে মিছিল, মোটর শোভাযাত্রা ও আনন্দ সমাবেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই মনোনয়ন এলাকায় নতুন প্রাণ সঞ্চার করেছে এবং দলীয় বিভক্তি অনেকটাই দূর হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, “এই প্রতীক শুধু দায়িত্ব নয়—এটি একটি আমানত। ঢাকা–১৮ এর মানুষের অধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। দলীয় সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে মাঠে গণঅভিযান শুরু করব।”
দলীয় সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা যাচাইয়ের পর এস এম জাহাঙ্গীরকেই সর্বোত্তম প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতি, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি মামলার মুখোমুখি হয়েও দলের প্রতি অটল থাকার দৃষ্টান্ত তাকে আরও এগিয়ে দিয়েছে।
স্থানীয় নেতারা মনে করছেন, এস এম জাহাঙ্গীরের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত অবস্থানে রাখবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ঢাকা–১৮ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সংগঠিত নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।
স্থানীয় লোকেরা মনে করেন যোগ্য লোককেই বিএনপির মনোনয়ন দিয়েছে। আর ঢাকা ১৮ তে এস এম জাহাঙ্গীরই ধানের শীষের যোগ্য লোক।
প্রতীক পাওয়ার মধ্য দিয়ে এস এম জাহাঙ্গীর এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
রাজু








