ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো বাহরাইন

প্রকাশিত: ২০:৩১, ১৩ মার্চ ২০২৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো বাহরাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের সুখবর দিল দূতাবাস। এর ফলে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তারা ভিসা নবায়ন করতে পারবেন।

এই সুবিধার ফলে যেসব প্রবাসী বিভিন্ন কারণে বাহরাইনের বাইরে অবস্থান করছেন, তারাও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভিসার মেয়াদ নবায়নের সুযোগ পাবেন।

এতে বলা হয়, যেসব প্রবাসীর ভিসা এলএমআরএ-এর অধীন রয়েছেন, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর নিবন্ধন কেন্দ্রগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আবেদন করতে হবে।

এক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।

দূতাবাস জানায়, যাদের ভিসা সিআর বা কোনো কম্পানির অধীন রয়েছে, তাদেরকে নিজ নিজ স্পন্সর বা সংশ্লিষ্ট কম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসা নবায়নের আবেদন করতে হবে। সেক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করতে হবে।

আবেদন করার পর পেমেন্ট সংক্রান্ত বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করলে ভিসা নবায়ন সম্পন্ন হবে। তবে কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে দেওয়া যাবে না বলে সতর্ক করা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নুসরাত

×