ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

পরীক্ষায় আবার পাস আইনস্টাইন!

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ জুন ২০১৬

পরীক্ষায় আবার পাস আইনস্টাইন!

ঘটনাটা ১৪০ কোটি বছর আগের। এই পৃথিবী থেকে ১৪০ কোটি আলোকবর্ষ দূরে দুটো ব্ল্যাক হোল মজেছিল মরণ আলিঙ্গনে। মহাকর্ষের টানে কাছাকাছি এসে পড়ায় চক্কর দিচ্ছিল একে অন্যের চার পাশে। আসছিল ক্রমশ কাছে, আরও কাছে। তারপর মিশে গিয়ে বনেছিল একটা ব্ল্যাক হোল। মহাশূন্যে ওই প্রলয়ের খবর বিজ্ঞানীরা পান গত বছর ২৬ ডিসেম্বর। অর্থাৎ, দ্বিতীয় বার শনাক্ত হয়েছে মহাকর্ষ তরঙ্গ। ঠিক একশ বছর আগে যার অস্তিত্ব আগাম অনুমান করেছিলেন আলবার্ট আইনস্টাইন। সে তরঙ্গ প্রথম শনাক্ত হয়েছিল গত বছর ১৪ সেপ্টেম্বর। পৃথিবী থেকে ১৩০ কোটি আলোকবর্ষ দূরে দুটো ব্ল্যাক হোলের মরণ আলিঙ্গনের সঙ্কেত সেদিন ধরা পড়েছিল আমেরিকায় ‘লেসার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি’ (লাইগো)-র দুই যন্ত্রে। যাদের ঠিকানা লুইজিয়ানা-র লিভিংস্টোন এবং ওয়াশিংটনের হ্যানফোর্ড। সে ‘খবর’ গত ১১ ফেব্রুয়ারি ঘোষিত হয়েছিল ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে। সাড়া পড়ে গিয়েছিল বিজ্ঞানের দুনিয়ায়। পড়বেই। চুলচেরা পরীক্ষায় যে পাস করছিলেন আইনস্টাইন। আর ফেল প্রতিপন্ন হয়েছিলেন আইজ্যাক নিউটন। মহাশূন্যে ঘটছে কত ধুন্ধুমার ঘটনা। নক্ষত্রের বিস্ফোরণ, দুই ব্ল্যাক হোলের সংঘর্ষ ইত্যাদি। আইনস্টাইন বুঝেছিলেনÑ এবং নিউটন বোঝেননি যে, সেসব ঘটনার রেশ মহাশূন্যে ছড়াবে কাঁপন বা তরঙ্গ হিসেবে। যা মহাকর্ষ তরঙ্গ। ১৯১৬ খ্রিস্টাব্দে আইনস্টাইন ওই তরঙ্গের অস্তিত্ব অনুমান করলেও, গত একশ বছরে তা শনাক্ত হয়নি। কোটি কোটি আলোকবর্ষ দূরে ঘটুক যত ধুন্ধুমার ঘটনা, তার রেশ তরঙ্গাকারে যখন পৃথিবীতে এসে পৌঁছয়, তখন তা এতই ক্ষীণ, যে তাকে শনাক্ত করতে প্রয়োজন অতি-সংবেদনশীল যন্ত্র। লাইগো-র তেমন যন্ত্রেই গত বছর প্রথম শনাক্ত হয় মহাকর্ষ তরঙ্গ। তাতে শুধু যে আইনস্টাইন নির্ভুল প্রতিপন্ন হন, তা-ই নয়। যে সব ধুন্ধুমার ঘটনার কথা বলা হয়েছে, সে সব থেকে আলো তো কোন ছাড়, কোন রকম সঙ্কেতই ছড়ায় না। ও-সব ঘটনার খবর পেতে মহাকর্ষ তরঙ্গ একমাত্র ভরসা। সে তরঙ্গের অস্তিত্ব প্রমাণিত হওয়ায় বিজ্ঞানের জগতে আনন্দের ঢল নেমেছিল এই কারণে যে, ব্রহ্মাণ্ডকে দেখার এক নতুন জানালা এর পর খুলবে। গত বছর ১৪ সেপ্টেম্বর লাইগো-র যন্ত্রে ধরা পড়েছিল যে সঙ্কেত, তার উৎস সূর্যের ছত্রিশ এবং উনত্রিশ গুণ ভারি দুই ব্ল্যাক হোলের মরণ আলিঙ্গন। আর দ্বিতীয় বার শনাক্ত হয়েছে যে তরঙ্গ, তার মূলে দুই ব্ল্যাক হোল ছিল সূর্যের চোদ্দো এবং আট গুণ ভারি। পুণে শহরে ‘ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এ্যান্ড এ্যাস্ট্রোফিজিক্স’-এর ডিরেক্টর সোমক রায়চৌধুরী বলেন, ‘লাইগো প্রকল্পে বহু কাল যুক্ত ভারতীয় গবেষকরা। এ বার দ্বিতীয় পর্যায়ে আমরা যোগ দিচ্ছি সরাসরি অংশীদার হিসেবে। ভারতে বসতে চলেছে লাইগোর ডিটেক্টর। এমন পরিস্থিতিতে মহাকর্ষ তরঙ্গ দ্বিতীয় বার শনাক্ত হওয়ার খবরে আমরা রীতিমতো আনন্দিত।’ পথিক গুহ
×