ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:২২, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বাদ জুমা তিনি হাসপাতালে যান। হাসপাতালে প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানেন।
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার বিকেলে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড সব পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিকেল ৪টার কিছু সময় আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে। তবে আজ তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের অস্ত্রোপচার হয়েছে। আজ সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল, যেহেতু এভারকেয়ার হাসপাতালে অপারেশন হয়েছে, সেহেতু এই মুহূর্তে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং সব  দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
ডা. রফিক আরও জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

প্যানেল / জোবায়ের

×