ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

এক ভিসায় ৬ দেশ ভ্রমণ, কীভাবে পাওয়া যাবে?

প্রকাশিত: ১৮:৫৭, ৭ অক্টোবর ২০২৫

এক ভিসায় ৬ দেশ ভ্রমণ, কীভাবে পাওয়া যাবে?

বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের জন্য আসছে দারুণ সুখবর! এখন থেকে একাধিক নয় মাত্র একটি অভিন্ন ভিসা নিয়েই ভ্রমণ করা যাবে আরব বিশ্বের ছয়টি দেশ। চলতি বছরের শেষ দিকেই চালু হতে যাচ্ছে বহুল আলোচিত জিসিসি (GCC) গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা যা উপসাগরীয় পর্যটন শিল্পে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম (WAM)-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ বিন তৌক আল মারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

ছয় দেশের দরজা খুলে দিচ্ছে এক ভিসা

নতুন জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বিদেশি পর্যটকেরা একক ভিসা ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন—

  1.  সংযুক্ত আরব আমিরাত

  2.  সৌদি আরব

  3.  কুয়েত

  4.  বাহরাইন

  5.  কাতার

  6.  ওমান

এই উদ্যোগটি এসেছে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা ব্যবস্থার অনুকরণে, যাতে একবার ভিসা নিয়ে ইউরোপের একাধিক দেশে ভ্রমণ করা যায়।

আব্দুল্লাহ আল মারির ভাষায় “এই ভিসা শুধু ভ্রমণ সহজ করবে না, বরং উপসাগরীয় অঞ্চলকে একক ও আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করবে।”

 কবে থেকে কার্যকর হবে এই ভিসা

পর্যটন মন্ত্রীর মতে, ভিসাটি চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। প্রথম ধাপে পরীক্ষামূলক কার্যক্রম শেষে দ্বিতীয় ধাপে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।

তবে এখনো পর্যন্ত ঠিক কোন তারিখ থেকে ভিসা কার্যকর হবে, কিংবা ভিসার মেয়াদ ও ফি কত হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে, গত ১৬ জুন ‘খালিজ টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে আল মারি জানিয়েছিলেন যে, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং “খুব শিগগিরই এটি চালু হবে।”

 আঞ্চলিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে

এই উদ্যোগের মাধ্যমে জিসিসি দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যটন শিল্প সংশ্লিষ্টরা বলছেন, “একটি ভিসা ছয় দেশে ভ্রমণের সুযোগ তৈরি করলে বিদেশি পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং অঞ্চলের জিডিপি বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।”

এটি শুধু পর্যটন খাত নয়, বরং হোটেল, পরিবহন, আতিথেয়তা ও খুচরা ব্যবসায়েও নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

উপসাগরীয় দেশগুলোতে ‘নতুন সেনজেন’ যুগের সূচনা

জিসিসি ভিসা কার্যকর হলে উপসাগরীয় অঞ্চলকে একক গন্তব্য হিসেবে প্রচার করা সহজ হবে, ফলে দুবাইয়ের বিলাসবহুল সৈকত থেকে সৌদির ঐতিহাসিক শহর, কাতারের আধুনিক স্থাপনা, কিংবা ওমানের পর্বতমালা সব এক সফরেই দেখা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, এটি পর্যটকদের ভ্রমণ খরচ কমাবে, এবং জিসিসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি আরও বাড়াবে।

Jahan

×