ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম এর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলী জাহ্ আহমেদ মিজান; সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা মো. আলাউদ্দীন আহ্ম্মেদ মোল্লা এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. তারিকুল হাসানকে সাংগঠিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১৪ মার্চ সংগঠনের আয়োজনে ইফতার ও মনপুরা উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ নিয়ে এক আলোচনা সভা শেষে ভোটাধিকারের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ, আর, আশিক সিয়াম এবং সহকারী নির্বাচন কমিশনার ও ঢাকা জজ কোর্টের আইনজীবী রেজাউল ইসলাম। নবগঠিত কমিটি আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করবে বলে জানানো হয়েছে। একই দিন সংগঠনের উপদেষ্টা মো. কামরুল ইসলাম কর্তৃক আইনজীবী নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য, ভোলার মনপুরা উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ এখনো দেওয়া হয়নি। এতে মনপুরাবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন উপজেলার লক্ষাধিকের বেশি মানুষ। এছাড়া বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় মনপুরা থেকে কোথাও যেতে ঝুঁকি নিয়ে ছোট নৌকা যোগে নদী পাড়ি দিতে হয় এখানকার বাসিন্দাদের। তা সত্ত্বেও পর্যটক খ্যাত এই দ্বীপের সঙ্গে ফেরির ব্যবস্থা করেনি কোন সরকার। তাই বিদ্যুৎ, ফেরি ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যে উক্ত সংগঠনটি গঠন করা হয়েছে।
সজিব








