ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদের প্রধান জামাত কোথায়, কখন? জেনে নিন পুরো দেশের সময়সূচি!

প্রকাশিত: ১৬:৩৫, ১৯ মার্চ ২০২৬

ঈদের প্রধান জামাত কোথায়, কখন? জেনে নিন পুরো দেশের সময়সূচি!

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রধান জামাতে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হবে। এটি হবে ১৯৯তম ঈদ জামাত, যা সকাল ১০টায় শুরু হবে। এতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।

অন্যদিকে বৃহৎ ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানও উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, প্রায় ২২ একর আয়তনের এই মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এখানে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।

ঢাকা

ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায়, তৃতীয়টি ৯টায়, চতুর্থটি ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি জামাত হবে—সকাল ৮টা ও ৯টায়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হলের নির্ধারিত স্থানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর প্রধান ঈদ জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন খতিব হযরতুল সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।

এছাড়া লালদীঘি পাড়ের সিটি করপোরেশন শাহী জামে মসজিদসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

বরিশাল

বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথমবারের মতো নারীদের জন্যও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় হবে। চরমোনাই দরবার শরীফ ও গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় জামাত হবে।

নগরীর বিভিন্ন মসজিদে একাধিক জামাতের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে, যেমন কসাই মসজিদ, এবায়েদুল্লাহ মসজিদ ও বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা

খুলনায় সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদসহ নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলীয়া মাদ্রাসা মাঠে একই সময়ে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

রংপুর

রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ হলে জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত হবে।

এছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ ও মাঠে নির্ধারিত সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Jahan

×