ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকির শিরোপা নৌবাহিনীর

প্রকাশিত: ১০:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

 বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকির শিরোপা নৌবাহিনীর

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারায় তারা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন নৌবাহিনীর মাইনুল ইসলাম কৌশিক। সর্বোচ্চ গোলদাতা হন একই দলের মাহবুব হোসেন (৬ গোল)। নৌবাহিনী হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। ৭ ও ৫৪ মিনিটে পিসি গোল করেন এই ফরোয়ার্ড। এছাড়া ১টি করে গোল করেন মাহবুব হোসেন (১২ মিনিটে, ফিল্ড গোল), রাসেল মাহমুদ জিমি (৩৩ মিনিটে ফিল্ড গোল), মাইনুল ইসলাম কৌশিক (৩৬ মিনিটে ফিল্ড গোল), আবেদ উদ্দিন (৪৪ মিনিটে, পিসি গোল)। সেনাবাহিনীর মনোজ বাবু (১৯ মিনিটে ফিল্ড গোল), মিলন হোসেন (৪৮ মিনিটে ফিল্ড গোল) এবং নাঈম উদ্দিন (৫৯ মিনিটে ফিল্ড গোল) ১টি করে গোল করেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাহফের সহসভাপতি জাকির আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্মসম্পাদক কামরুল ইসলাম কিসমত, নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য ফয়সাল আহসানউল্লাহ, জামিল আব্দুন নাসের, এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন ও বাহফের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার রফিকুর রহমান।
×