জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এক মাস পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর মুসলমানদের জীবনে আনন্দ ও শান্তির বার্তা নিয়ে আসে। এবার দেশের মানুষ ঈদ উদযাপন করছে এমন সময়ে, যখন নতুন সরকার গঠিত হয়েছে এবং দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ নিশ্চিত হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন ভীতি ও দমনমুক্ত পরিবেশে চলাচল করতে পারবে, কথা বলতে পারবে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশ ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ জীবন যাপন করবে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সকলের মিলিত প্রচেষ্টায় হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠন করতে এবং অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসতে। এছাড়া তিনি জাতির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, ঈদুল ফিতরের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে দয়া, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন গড়ে তুলি, যাতে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ স্থাপন করা যায়।
এ.এইচ








