জীবনের শেষ প্রান্তে এসে যেখানে নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, সেখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন ৬৩ বছর বয়সী কারিমা বেগম। স্বামীকে ক্যান্সারে হারানোর এক বছরের মাথায় নিজেও একই রোগে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি।
কারিমা বেগম বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের মৃত মিজান শেখের স্ত্রী। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী। স্বামীর মৃত্যুর পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন কারিমা। প্রথমে গ্রাম্য চিকিৎসক, পরে বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়। তবে চিকিৎসা এখনও অসম্পূর্ণ। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে হলে ঢাকায় নিয়ে আরও ২৫টি রেডিওথেরাপি ও পাঁচটি কেমোথেরাপি প্রয়োজন, যার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা দরকার।
স্বামীর রেখে যাওয়া এক টুকরো ভিটা ছাড়া তার আর কোনো সম্পদ নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র, সেখানেও রয়েছে আর্থিক সংকট। ফলে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে কারিমা বেগম মানুষের দ্বারে দ্বারে ঘুরে জীবিকা নির্বাহ করছেন।
স্থানীয়রা জানান, তারা হাট-বাজার ও গ্রাম থেকে চাঁদা তুলে প্রায় তিন লাখ টাকার মতো সংগ্রহ করে তার চিকিৎসায় সহায়তা করেছেন। তবে বাকি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এখন তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী মোঃ হান্নান বলেন, আমরা গ্রামের মানুষ মিলে ৫-১০ টাকা করে তুলে যতটুকু পেরেছি সাহায্য করেছি। কিন্তু এখন আরও প্রায় চার লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা সম্ভব নয়। কারিমা বেগম আমাদের গ্রামের সবচেয়ে অসহায় মানুষদের একজন। তার স্বামীও ক্যান্সারে মারা গেছেন। আমরা চাই, সমাজের সহৃদয় ব্যক্তিরা এগিয়ে আসুক।
কারিমা বেগম নিজেও কান্নাজড়িত কণ্ঠে বলেন, মানুষের সহায়তায় এতদিন চিকিৎসা নিয়েছি। কিন্তু তিন মাস ধরে টাকার অভাবে চিকিৎসা বন্ধ। ডাক্তার বলেছেন আরও চিকিৎসা নিতে হবে। আমার আর কোনো সামর্থ্য নেই। সবাই যদি একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমি আবার বাঁচতে পারব।
মানবিক এই সংকটে কারিমা বেগমের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
যোগাযোগ: কারিমা বেগম – ০১৭৪০১২০৭৫৯
রাজু








