ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

নির্বাচন কমিশনকে দেয়া চিঠিতে যে দাবি জানাল এনসিপি

প্রকাশিত: ১৯:০৬, ৭ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশনকে দেয়া চিঠিতে যে দাবি জানাল এনসিপি

শাপলা প্রতীক পুনরুদ্ধারের দাবিতে আবারও নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে ইমেইলের মাধ্যমে এ চিঠি পাঠান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ইসির প্রস্তাবিত ৫০টি বিকল্প প্রতীকের তালিকা সরাসরি প্রত্যাখ্যান করে এনসিপি জানিয়েছে, তারা শুধুমাত্র ‘শাপলা প্রতীক’ ফেরত চায়। চিঠির সঙ্গে শাপনার ভিন্ন ভিন্ন সাতটি নমুনা চিত্র সংযুক্ত করে পাঠানো হয়েছে। দলটির দাবি, প্রয়োজনে এসবের বাইরেও শাপলার আংশিক ভিন্ন সংস্করণ নিয়ে আলোচনায় যেতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

এনসিপির বক্তব্য: শাপলার স্পিরিটই আমাদের প্রতীক

চিঠিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন “শাপলার ভিন্ন ভিন্ন ভার্সন গ্রহণের ক্ষেত্রে এনসিপি সবসময় আলোচনায় প্রস্তুত। তবে শাপলা প্রতীক বাদ দিয়ে অন্য কোন প্রতীক গ্রহণ করা জাতীয় নাগরিক পার্টির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের বাইরে গিয়ে নির্বাচন কমিশন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটুকু অবদান রাখতে পারবে সে প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।”

 ইসির তালিকায় নেই শাপলা প্রতীক

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানায়, আইন মন্ত্রণালয় থেকে ১১৫টি প্রতীকের রেটিংসহ তালিকা কমিশনে এসেছে। তবে সেই তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয়।

ইসি এরপর দলগুলোকে ৫০টি বিকল্প প্রতীকের প্রস্তাব দেয়, যা এনসিপি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।

 এনসিপির অবস্থান: ‘শাপলা ছাড়া বিকল্প নেই’

দলটির দাবি, শাপলা বাংলাদেশের গণতন্ত্র, ঐক্য ও শান্তির প্রতীক, যা তাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই তারা অন্য কোনো প্রতীক গ্রহণে রাজি নয়।

চিঠিতে আরও বলা হয়েছে, “দেশের গণতান্ত্রিক ঐক্যের প্রতীক শাপলা। এটিকে বাদ দিয়ে বিকল্প প্রতীক চাপিয়ে দিলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে।”

Jahan

×