ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদ রাজনীতি জমজমাট

মন্ত্রী-এমপিরা ঈদ করবেন  নির্বাচনী এলাকায়

শরীফুল ইসলাম

প্রকাশিত: ০০:২০, ১৯ মার্চ ২০২৬

মন্ত্রী-এমপিরা ঈদ করবেন  নির্বাচনী এলাকায়

রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর দেশে নতুন সরকার গঠিত হওয়ায় এবার ঈদকে কেন্দ্র করে রাজনীতি জমজমাট। রাজনৈতিক দলের নেতারা নতুন উদ্যোগে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। বিশেষ করে মন্ত্রী-এমপিরা ঈদ করবেন যার যার নির্বাচনী এলাকায়। সেই সঙ্গে তারা এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন এবং সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। 
চাঁদ দেখা সাপেক্ষে ২০ মার্চ অথবা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আর জামায়াতে ইসলামীর আমির ডা, শফিকুর রহমান মিন্টো রোডের সরকারি বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।  
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ স্বজনদের নিয়ে গুলশানের বাসায় ঈদ উদযাপন করবেন। এ সময় তিনি নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। 
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরে নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করে ঢাকায় আসবেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোলায় ঈদ করে ঢাকায় আসবেন। এ ছাড়া বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা, সংসদ সদস্য ড. মঈন খান নরসিংদী, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজ নির্বাচনি এলাকা কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দলের স্থায়ী কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, দলের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আহমেদ আজম খান টাঙ্গাইলে, পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টো ফেনী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুড়ায়, তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বরিশালে, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ কুমিল্লায়, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লায়, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন চাঁদপুরে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত  হোসেন নরসিংদী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় ঈদ করবেন। 
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করবেন। 
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও বরকতউল্লা বুলু এমপি নোয়াখালী, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির এমপি খোকন নরসিংদীতে, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরে, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে মিন্টো রোডের সরকারি বাড়িতে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার নিজ গ্রামে, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি কুমিল্লা ও ঢাকায়, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ঈদ উদযাপন করবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় সর্বস্তরের মানুষ ও নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১১ এর মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজ নির্বাচনী এলাকা ভোলায় ঈদ উদযাপন করবেন। 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি ধ্বস বিজয়ে সরকার গঠনের পর এবার দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে বিএনপি। আসন্ন ঈদের সময় দলের সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। বিশেষ করে মন্ত্রী-এমপিরা এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। 
দল পুনর্গঠন কাজ সফল করতে বছরখানেক আগেই বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ১০ সাংগঠনিক বিভাগের জন্য পৃথক কমিটি করেছিল। ওই কমিটি এ কাজে বেশ অগ্রসরও হয়েছিল। তবে সব সাংগঠনিক ইউনিটের কমিটি পুনর্গঠন শেষ করতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগেই দল পুনর্গঠনের কাজের চেয়ে দলীয় প্রার্থীদের বিজয়ের পক্ষে কাজ করাকে অগ্রাধিকার দেয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।  তবে নির্বাচনে বিজয়ের পর এবার ঈদে নতুন উদ্যমে নেতারা এলাকায় অবস্থান করে দল চাঙ্গা করার চেষ্টা করবেন বলে জানা যায়। 
সূত্র মতে, নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করলেও দলীয় কর্মকান্ড যাতে মন্থর হয়ে না পড়ে সেজন্য তৎপর রয়েছেন বিএনপি হাইকমান্ড। তাই আসন্ন ঈদে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করে তাদের সক্রিয় করার চেষ্টা করা হবে। এ ছাড়া সারাদেশের সকল জেলা-উপজেলা, পৌরসভাসহ সব ইউনিটের কমিটি পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে। 
সূত্র জানায়, জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারাও এবার ঈদে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে দলের সাধারণ নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও নিজ নিজ এলাকায় অবস্থান করে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে জানা যায়। 
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে বিএনপি ও জামায়াতসহ দেশের বেশ ক’টি রাজনৈতিক দল স্বস্তিতে ঈদ করতে পারেনি। অনেক নেতাকর্মীর নামে মামলা থাকায় তারা নিরবে ঈদ উদযাপন করতেন। স্থানীয় নেতাকর্মী বা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়েরও সযোগ পেতেন না তারা। তবে এবার নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করায় এবং উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়ে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে বিরোধী দলের মর্যাদা পাওয়ায় সার্বিক পরিবেশ নিজেদের অনুকুলে রয়েছে। আর এ জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এখন রাজনীতিতে অধিকতর সক্রিয় হতে পারছেন। এ কারণেই ঈদকে কেন্দ্র করে এবার এই দুইটি বড় দলের নেতাকর্মীরা এবার অনুকুল পরিবেশে ঈদ উদযাপনের পাশাপাশি স্বাভাবিক রাজনৈতিক কর্মকা-েও অংশ নিচ্ছেন। 
অভিজ্ঞ মহলের মতে, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জন্য এবার ঈদ উদযাপন ও রাজনীতির পরিবেশ খুবই অনুকুলে। তাই এই রাজনৈতিক দলগুলো এবার উৎসবমুখর পরিবেশে সারাদেশে ঈদ উদযাপনের পাশাপাশি রাজনৈতিক কর্মকা-ে অংশ নিতে পারছেন। তাই এবার  ঈদ রাজনীতি জমে উঠছে।

প্যানেল হু

×