ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

পালিয়েছেন ট্রেনের স্টাফরা ॥ ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ০০:২৩, ১৯ মার্চ ২০২৬

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত চলাচল বন্ধ

ঢাকা থেকে নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বুধবার বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয় 

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয় বুধবার দুপুরে। বেলা আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে ৫০ জন।
ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা- নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।
পালিয়েছেন ট্রেনের স্টাফরা ॥ নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল। লাল পতাকা টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়ে যান। ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।
দুর্ঘটনায় ট্রেনের ছাদে থাকা ও ভেতরে থাকা শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। দুর্ঘটনা কবলিত ট্রেন দেখতে উৎসুক জনতা ভিড় করেছে।  
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বলেন, এখানে রেললাইনের কাজ চলছিল এবং সামনে লাল পতাকা দেওয়া ছিল। কিন্তু চালক দ্রুতগতিতে আসায় দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রেনের কোনো স্টাফকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান তিনি। 
তদন্তে চার সদস্যের কমিটি ॥ ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রেলের প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে? কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে তিনি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেলযোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

প্যানেল হু

×